
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অপরিশোধিত তেল আমদানি আটকে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-ইআরএল। হাতে থাকা অপরিশোধিত তেল ফুরিয়ে আসায় বন্ধ হয়ে গেছে ইআরএলের বড় দুটি প্লান্ট । ছোট একটি প্লান্ট চালু রাখা হয়েছে । চালু ইউনিট থেকে দৈনিক মাত্র ১২০ টন ডিজেল ও ১শ’ টন পেট্রোল উৎপাদন হচ্ছে।
বিপিসি'র অপারেশন বিভাগের জিএম মোরশেদ আজাদ সাংবাদিকদের জানান, বর্তমানে একটি প্লান্ট চালু আছে। এটি থেকে বিপনন প্রতিষ্ঠানগুলোকে দৈনিক ১০০ টন পেট্রোল ও ১২০ টন ডিজেল সরবরাহ করছে ইআরএল। যত সময় তেল সরবরাহ অব্যাহত থাকবে ততসময় পুরোপুরি বন্ধ বলা যাবে না। যে মজুত আছে তা দিয়ে আরো ১৫ দিন এই একটি প্লান্ট চালু রাখা যাবে। আগামী ৫ মে ক্রড অয়েলের একটি চালান আসার কথা রয়েছে। চালানটি এলে পুরোদমে সবগুলো প্লান্ট চালু করা হবে।
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত শোধনাগারটি এত দিন মূলত সৌদি আরবের ‘অ্যারাবিয়ান লাইট ক্রুড’ ও সংযুক্ত আরব আমিরাতের ‘মারবান ক্রুড’ পরিশোধন করে দেশে ডিজেল, পেট্রল, অকটেনসহ বিভিন্ন জ্বালানি সরবরাহ করে আসছিল। গত মাসে এই দুই দেশ থেকে দুটি জাহাজে তেল আসার কথা ছিল। কিন্তু যুদ্ধের কারণে জাহাজ দুটি আটকে যাওয়ায় উৎপাদনে চাপ বাড়তে থাকে।